শেষ খেয়ায়
সাবিত্রী দাস
জাহাজের
মাস্তুলে
পিছলে পড়ে
সূর্যের শেষ রশ্মিটুকু,
গোধূলির
অস্তরাগে পাখিরা ফিরছে নীড়ে।
অকূল দিশাহীন
সমুদ্রের মাঝে আজ আমি একা,
ঢেউগুলোর সাথে
নিজের মনেই কথা বলি অনর্গল!
পরিযায়ী পাখির
মতোই আমিও ফিরছি নিজের ঘরে।
ক্রমশ মাথার উপরে অষ্টমীর চাঁদ ওঠে ,
কখনো কখনো মেঘ এসে ঢেকে দেয় তার মুখ।
তোমাকে ফেলে এসেছিলাম দুর্দিনের ঘোর দুর্বিপাকে।
খুঁটে খুঁটে
তুলে নিতে চেয়েছিলাম নিজের সুখ।
বেলাশেষের শেষ
খেয়ায় আবার,
নেবে কি আমায়
ডেকে !
