সন্ধ্যা রায়ের দুটি কবিতা--
ওপারের হাল
ওপারে হাল ধরব যখন
এমনি করে আমায় তুমি রাঙিয়ে দিও,
পায়ে যমের থাকবে বেড়ি,
আমার ঠোঁটে তোমার চরণ রাঙিয়ে নিও।
আমায় তুমি কথা দিয়েছ,
ভালবাসার চাদরটা তে জড়িয়ে দিও।
সব চাওয়া যে তোমার কাছে--
অবহেলায় সব চাওয়া মোর ভরিয়ে দিও।
আমার যে সব তুচ্ছ চাওয়া,
সে দিন তুমি আমার পাশে সাজিয়ে দিও।
আমার খেয়া আসবে পাড়ে,
আমায় বলবে না ত একটু পরে পাড়ি দিও।
অশ্রু আমার দেখবে তখন--
অশ্রু ভরা চোখটা আমার মুছিয়ে দিও।
ডাক এলে ত যেতেই হবে,
সে দিন আমায় রাঙা ফুলে সাজিয়ে দিও।
যদি বন্ধু পাই
আমি এক কথায় রাজি, নেবে আমাকে?
বহুদূর যেতে চাই, যদি বন্ধু পাই।
ধূসর দিগন্ত, চাঁদের পাহাড়,
মেঘলা আকাশ পার করে--
নিয়ে যাবে আমায়?
পারবে সাথে থাকতে ?
পাতার কুটিরে, চাঁদের তরণী আলোতে,
নিজেকে মানিয়ে নিতে?
সারাদিন নদী তটে তুমি আর আমি
খুনসুটি মেনে নিয়ে আসবে গোধূলি,
তুমি খুব কাছে থেকে আগলে রেখে
পার যদি নিয়ে চল, অলীক মুক্তি তবু ভালো।
মুক্তি আমি চাই মুক্তি কোথা পাই।

No comments:
Post a Comment