বুঝতে যদি
*********
শ্যামা প্রসাদ সরকার
তুমিও যদি বুঝতে আমায়,
ফুলে ফুলে আর পাতায় পাতায়!
ধরা পড়তাম তাথৈ সময়!
তোমার কাছেই বাঁধা পড়তাম
ইচ্ছে গাছের ফুলের কাঁটায়,
রক্ত কতই ঝরাবে বল,
তবুও যদি বুঝতে আমায়,
ফুলে ফুলে আর পাতায় পাতায়!
কোথায় বল নদীর কূলে,
পাল তুলেছে পানসি তোমার
একলা ভাসাও স্রোতের টানে,
ভয় হয় খুব! স্রোতের নেশায়,
তোমায় যদি টান দিয়ে যায়,
এপাড় ভেঙে ওই পাড়ে তায়।
চিন্তা ছাড়া থাকাই যেত,
তুমিও যদি বুঝতে আমায়,
ফুলে ফুলে আর পাতায় পাতায়!
এখন তোমার ঘরকন্নায়,
মন লেগেছে হলুদবাটায়,
দু একটা পদ শৌখিনতায়,
জমিয়ে দিচ্ছ দুপুরবেলায়!
তবুও জ্বলে লঙ্কাবাটায়
দুচোখ, তবুও জল
ভরে যায়
হিংসেটুকুই বাষ্পে ওড়ে
রান্না ঘরের ভাতের ঢাকায়!
হয়তো এমন হতোই না আর,
তুমিও যদি বুঝতে আমায়,
ফুলে ফুলে আর পাতায় পাতায়!
সব আছে তো দু'কোল জোড়া
সাতটি রাজার খাজানা ভরা
তবুও কেন হলুদ শাড়ি,
সবুজ আঁচল ভিজবে তোমার,
নটমল্লার, বৃন্দাবনী,
কোথায় গেল? শুনতে
চাওয়া
জলের গানে স্নান ঘরেতেই
নোনতা স্মৃতি লুকিয়ে পাওয়া!
বিচিত্রসাধ চাইতে তোমায়,
ডাকনামে আর খাতার পাতায়,
তুমিও যদি বুঝতে আমায়,
ফুলে ফুলে আর পাতায় পাতায়!

No comments:
Post a Comment