শরীয়তপুর : ৪র্থ দিন
সুমন মল্লিক
কলাগাছ কেটে অপূর্ব কলাবউ বানানো হল,
শাড়ি পরানো হল অদ্ভূত যত্ন নিয়ে,
কী সুন্দর কলার খোলের নৌকো!
বাড়ির মহিলারা খুব ব্যস্ত – লক্ষ্মীপুজো৷
দুপুর-ঘুম থেকে উঠেই হাঁটতে বেরোলাম...
বিকেল এখানে সূর্যের আবির মেখে রাঙিয়ে দেয়
সবকিছু৷ আমি তালগাছে হেলান দিয়ে
দেখি বকের মাছ শিকার৷ আস্তে আস্তে
সন্ধ্যা নামে আর হাঁসেরা সাঁতার কেটে
ফেরে৷
শঙ্খের শব্দ শুনে ঘরে ফিরলাম৷ পূজো প্রায়
শেষ৷ শুরু হল কীর্তন৷ আর ঠিক তখনই
কানে ভেসে এল আজানের সুর৷ কীর্তন আর
আজানের সুরমন্থন আমার রুহ্-কে
পবিত্র করে তুলল৷ পবিত্র হয়ে উঠল
পূর্ণিমা চাঁদের আলোয় ভেজা এই পল্লী জনপদ৷

No comments:
Post a Comment