করোনাকালে আমাদের কত না বিয়োগব্যথা সহ্য করতে হল

করোনাকালে আমাদের কত না বিয়োগব্যথা সহ্য করতে হল
সম্পাদকীয়-- সময় কারো জন্য থেমে থাকে না l দেখতে দেখতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে আমাদের স্বরধ্বনি কবিতা পত্রিকা। হ্যাঁ এবার এটি ত্রৈমাসিক নয়, দ্বিমাসিক পত্রিকা l কত সুখ দুঃখের পথ পেরিয়ে আমাদের এগিয়ে যেতে হয়-- উত্থান-পতনের দৃশ্য দেখে দেখে আমরা এগিয়ে চলি I করোনাকালে আমাদের কত না বিয়োগব্যথা সহ্য করতে হল, কত না অমানবিক হৃদয়বিদারক ঘটনার সম্মুখীন হতে হল ! এ সব মহামারী অকাল দেখে দেখে আমাদের মন ভারী হয়ে থাকল I আমরা নিজেদের বাঁচিয়ে রাখার জন্য কত কি না শিখলাম--মুখে মাস্ক আঁটা শিখলাম, হাতে গ্লোবস পড়া শিখলাম ও সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে একে অন্য থেকে ক্রমশ সরে যেতে শিখলাম। আমরা ঘরে বন্দি হয়ে থাকার অভিজ্ঞতা পেলাম। সমস্ত বাধার মধ্যেও জীবন ঠিক এগিয়ে চলে--আমরা নিত্যনৈমিত্তিক হয়ে উঠি--প্রতিদিনের মত খাই পড়ি ঘুমাই। সময় কাটাতে বই পড়ি, খেলাধুলা করি, হোক সে খালা স্বামী স্ত্রী ও ছেলে মেয়েদের সঙ্গে, তবু আনন্দ কুড়িয়ে নিতে আমরা কখনও পিছু পা হই না l বাঁচার তাগিদে পরিবেশ-পরিস্থিতিকে যে মানিয়ে নিতে হবেই ! মনের তাগিদে আমরা স্বাচ্ছন্দ খুঁজে ফিরি l অলস দুপুরে কিংবা সময়ের ফুরসতে আমরা মনের সঙ্গে কথা বলি, স্মৃতিচারণ করি, সাহিত্য চর্চা করি, বই পড়ি, অনলাইন পত্রিকা, ব্লগ, ই-বুক পড়ি, পড়ি উপন্যাস, গল্প, কবিতা l কবিতা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ বললে ভুল হবে না l কবিতা স্মৃতি রোমন্থনের ভাষ্য l কবিতা জীবন বলয় l বস্তুত প্রত্যেক মানুষের মনেই কবি কবি ভাব আছে--ঋতুভেদের মতই তাড়িত হয়ে মানুষ মনে মনে কবিতার সৃজন করে--ভাবনার মাঝে সে কবিতার রংতুলি খুঁজে ফেরে l প্রেম কিন্তু কবিতা ছাড়া জমে না--কোথাও তো কাব্য ছন্দের মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে l ভালো মন্দ সুখ দুঃখ দৈনতার মাঝ থেকে অনায়াসে কবিতার ভাব মথিত হতেই পারে l পোড়াজীবনের মাঝ থেকে আগুনকবিতা বেরিয়ে আসতে পারে l এক কথায়, কবিতা জীবনের কোথায় নেই ? সর্বত্র সে বিরাজমান। ভাব-ভাবনা সঠিক শব্দ-ভাষ্য জুড়ে গেলে প্রকৃতিও কবিতা লেখে l হিল্লোলায়িত বাতাস, পাখির কলকাকলি, এক টুকরো সকাল রোদ, গোধূলির লালাভে ক্রমশ, ক্রমশ কবিতা সৃষ্টি হয়ে যাচ্ছে ! যাই হোক, এ ভাবেই কিছু ভাবনা ভাষায় মিশে, কলমের আঁচড়ে, কিংবা আঙুলের স্পর্শে অথবা আন্তর্জাল আবহওয়ায় সৃষ্ট কিছু কবিতা আমরা ধরে রেখেছি আমাদের দ্বিমাসিক স্বরধ্বনি পত্রিকায় l সমস্ত বন্ধু-পাঠকদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের পত্রিকা পড়ুন, ভালো মন্দের বিচারে আপনাদের উৎসাহ, দিকদর্শন আমাদের ভবিষ্যৎ তৈরি করুক --এমনি আশা রেখে আমাদের বর্তমান সম্পাদকীয় কথন এখনকার মত শেষ করছি l ধন্যবাদান্তে- সম্পাদক তাপসকিরণ রায় l সহ-সম্পাদক--শমিত কর্মকার ও সাবিত্রী দাস l

Tuesday, December 1, 2020

জয়িতা ভট্টাচার্জের অনুপম সিরিজের গুচ্ছ কবিতা

 


 

অনুপম সিরিজ

_______________

জয়িতা ভট্টাচার্য

 

তোমার যেমন পারমিতা

অথবা বনলতা, অদিতি অথবা

নীরা, নদীমাতৃক কবিতা।

অনুপম

চকমকি জ্বেলে আমি ডেকেছি,

তোমাকে........

সেদিন নিশীথ জতুগৃহে,

পথে পথে

উন্মাদিনী আমি,

শুনশান রাস্তায় ভাষাহীন কুকুর

 রাজপথে,ভবঘুরে যেন

গুটিগুটি পায়ে ক্লান্ত মজুর

অবাক পথের ধূলায়,অবাক

আমি,

দুই দিকে ডোবা ,পচা পাতা,সাপ....

ঠিক তখনই দুপাশে ফোঁটা ফোঁটা ফুল

রাতফুল,

মাথার ওপর কৃত্তিকা নক্ষত্র নিয়ে

 অনুপম

তুমি  এসেছ অপূর্ণ নিয়ে।

 

এমন এক রাত নির্ঘুম একাকী অরণ্যে

ডেকেছি তোমাকে অনুপম

তোমার ঠোঁটে তৃষ্ণা আমার,

রাগ বিভাসে, পূরবীতে,

অনুপম তোমাকে চেয়েছি

রাতে বা দিনে

ফোনটা যদি বাজে......

তারিখ বদলে যায়

ফসফরাসের সবজে আলোয়

তোমার দুচোখে চোখ রাখি

অনুপম

জয়িতা ভট্টাচার্য

: অনুপমকে চাইছি

জয়িতা ভট্টাচার্য

           

অপেক্ষা আমি প্রত্যহ করি।

প্রতিদিন অপেক্ষা করতে থাকি

তোমার ফোনের জন্য।

 

অপেক্ষারা বীজ থেকে

 চারাগাছ হয়ে যায়

পালক পিতার মত যত্নের বিরহে

ওরা ক্রমে মহীরুহ হয়

থ্যাঁতলানো ভ্রষ্ট প্রজাপতি আর

ঝড়ের আভাস দেয় নীরবতা।

ওরা তবু ভাবনা করে আসবে

''আসছে দিন''

নতুন একটা কিছু ঘটবেই।

আমিও চাতক হয়ে বসে আছি

তোমার নব্য সভ্য জীবন

ভাবি দেখা হবে আজ

এভাবেই প্রতিদিন কাটে

এভাবেই  স্বপ্নেরা  আমাকে স্বাধীনতা দেয়।

মিছিলের সামনে ও পেছনের নৈতিকতা

গোধূলি আলোর রশ্মিতে ডুব

উন্নত আরও অসার প্রয়াসে ভাবে

কিছু তো  ভালো হবেই

একদিন।

নতুন প্রজাতি জন্মায় গভীরে

এমন সব উচ্চাশা নিয়ে।

মেঘ ভাবে প্লাবনের ব্যথা

এসো তুমি

''ভালো দিন'' হয়ে

এসো সহজিয়া সুরে।

অনুপমকে চাইছি 

জয়িতা ভট্টাচার্য

           

অশোভনে পিঠ ঠেকে গেছে।

কতদিন আর কতবার

 ধর্ষিত হবে মায়াবী

ঋতু!

ধুতরোর বিষ পাল্টে পাল্টে 

শরীরী,চাদর

তুমি তো ঈশ্বরউদাসী!

অনুপম

এখনো কি দিন শেষে জুড়ায়নি

প্রাণ

আগাছায় ঢেকে আছে এখনো কি

মন!

নীল অপরাজিতা বিষাদে জ্বলে,

প্রণয়ের অভ্যেসে

অতল .....

তোমাকে এভাবে কতবার চেয়ে,

চেয়ে চেয়ে দেখি

আকাশের মত আলো

হয়ে আছ  আমার  জীবনে।

: #অনুপমকে চাইছি

জয়িতা ভট্টাচার্য

               

এখন আর জলে দাগ পড়ে না কোনও প্রতিবিম্ব নেই

অনুপম

তুমি কি  শুনেছ সেই সব

ঘোলা জলের গল্প!

যখন তারাদের দল ভিড় করে আকাশে মলিন চাঁদের আলোয়

তোমাকে খুঁজেছি সেদিন।

অনুপম

পুষ্যা নক্ষত্রের সেই রাত

মনে পড়ে!

তোমার শরীর ছেনে তুলেছি

যত গরল

নীল বিষ ছড়িয়ে দিয়েছি দিগন্তে

মানচিত্র এঁকেছি রাতভর।

তোমার লোমশ বুকে

ধারালো ঠোঁটের কষে ফেনাইত

যত বিষাদের রক্ত স্বাদ.....

অনুপম

তোমাকে চেয়েছি

এসব রক্তের দিনলিপিতে

ছায়াময় আততায়ী রাতে

আরও একবার ধর্ষিত হবো বলে

নিঃসঙ্গ কালচে ভিজে মাটিতে

শহীদ হবো বলে

তোমাতে আমাতে নদীতে আকাশে

অথবা ফুটপাথে নিবিড় জনহীন অনাহারে

অনুপম সিরিজ

জয়িতা ভট্টাচার্য

 

 

 

 

No comments:

Post a Comment